অতীতের এক ঘটনায় স্পেশাল সিকিউরিটি ফোর্সের(এসএসএফ) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল(অব.) সৈয়দ ফাতেমী আহমেদ রুমির কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সাবেক সেনা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ দুঃখ প্রকাশ করেন।
মঙ্গলবার রাতে বিএনপির চেয়ারপার্সনের গুলশানের কার্যালয়ে এই মতবিনিময় সভা আয়োজন করা হয়। বেশ কয়েকজন সাবেক সেনা কর্মকর্তার বক্তব্যের পর কথা বলেন তারেক রহমান। তিনি তার বক্তব্যের শেষ পর্যায়ে বলেন, ‘‘স্ক্রিনে এখানে আমি একজনকে দেখতে চাচ্ছি। এটা একান্ত একটু পার্সোনাল ব্যাপার, তারপরেও আমি, সবাই আছেন, একান্ত পার্সোনাল ব্যাপার। তারপরেও আমি একটু এখানে উল্লেখ করতে চাচ্ছি। আমাদের সামনে এখানে আম্মার (খালেদা জিয়া) সময় উনি ডিজি এসএসএফ ছিলেন রুমি সাহেব। রুমি সাহেব উপস্থিত আছেন।
তখন অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর কর্মকর্তাদের সারিতে থাকা সৈয়দ ফাতেমী আহমেদ রুমি জবাব দেন, ‘জি আছি।’
তারেক রহমান বললেন, ‘থ্যাংক ইউ সি ইউ নাউ। রুমি সাহেব আপনার নিশ্চয় মনে আছে যে একটা মিছিল হয়েছিল একবার, সেই পুরান ঢাকা থেকে আমিন বাজারে এবং পুরা মিছিলটা আমি হেঁটে এসেছিলাম, আম্মাও (খালেদা জিয়া) ছিলেন সেই মিছিলে। তো সেই মিছিলে অনেক ভিড় হট্টগোল। আপনি আমাকে একটা কোনো কিছু বলেছিলেন।
আই অ্যাম ভেরি সরি, আমি সেদিন আপনার সাথে একটু রূঢ় ব্যবহার করেছিলাম। সবকিছু মিলে আই অ্যাম ভেরি সরি ফর দ্যাট। আমি অনেক দিন চেষ্টা করেছি আপনাকে রিচ করার জন্য। আই রিকোয়েস্ট মাই অ্যাপোলজি। আমি সুযোগ পাইনি। আজকে সুযোগ পেয়েছি। আই অ্যাম রিয়েলি সরি ফর দ্যাট।’
এসময় তুমুল করতালি দেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা।
তারেক রহমানের বক্তব্যের জবাবে সৈয়দ ফাতেমী আহমেদ রুমি বলেন, ‘আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকব। যেটা বলেছেন থ্যাংক ইউ ভেরি মাচ, আই উইল রিমেম্বার ইট।’
এ পর্যায়ে তারেকে বলেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলে কাছে আমি আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি।
বিএনপির আয়োজনে এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরিচালনায় ছিলেন মেজর জেনারেল(অব.) ফজলে এলাহী আকবর। এতে সশস্ত্র বাহিনীর শতাধিক সাবেক কর্মকর্তা অংশ নেন।
এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেজর জেনারেল(অব.) জামিল ডি আহসান, রিয়ার অ্যাডমিরাল(অব.) মোস্তাফিজ, এয়ার কমোডর(অব.) শফিক আহমেদ, কর্নেল(অব.) হারুনুর রশিদ, কর্নেল(অব.) জগলুল, কর্নেল(অব.) হান্নান মৃধা, লে. কর্নেল(অব.) শামসুজ্জামান ও লে. কর্নেল(অব.) জয়নাল আবেদীন।
এছাড়া বিএনপি নেতাদের মধ্যে বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য মেজর(অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল(অব.) আলতাফ হোসেন চৌধুরী।


