সিদ্ধিরগঞ্জ থানায় করা দুটি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদনের ওপর বৃহস্পতিবার আদেশ দেবে হাইকোর্ট।
শুনানি শেষে বুধবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার এবং বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
গত বছরের ৯ মে ভোরে শহরের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়। এরপর বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে তাকে হাইকোর্ট পাঁচ মামলায় জামিন দেয়। এরপর আপিল বিভাগে তা স্থগিত হয়ে যায়।
পরে ১৮ নভেম্বর তাকে আরও পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে গত ২৬ ফেব্রুয়ারি সেই সব মামলায় জামিন দেয় হাইকোর্ট। পরে রাষ্ট্রপক্ষের আবেদনে সেগুলো স্থগিত হয়ে যায়।
এ অবস্থায় সিদ্ধিরগঞ্জ থানায় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর ও ২০২৫ সালের ৩০ জুন করা দুটি হত্যা মামলায় আইভীকে গ্রেপ্তার দেখাতে সংশ্লিষ্ট থানা পুলিশ আবেদন করে। একটি মামলায় ২ মার্চ ও অপর মামলায় ১২ এপ্রিল গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।


