বান্দরবানের থানচিতে ডায়রিয়া সংক্রমণ ছড়িয়ে পড়া দুর্গম এলাকাগুলোতে চিকিৎসা সামগ্রী নিয়ে শনিবার থেকে মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে থানচির বলিপাড়া জোনে দায়িত্বরত বিজিবির ৩৮ নং ব্যাটেলিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, রেমাক্রি, তিন্দু ও লিটক্রে এলাকাসহ আশপাশের এলাকাগুলোতে ডায়রিয়া আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবার পাশাপাশি ডায়রিয়া বিষয়ক ক্যাম্পেইনেও অংশ নেবে বিজিবি জওয়ানরা।
ব্যাটেলিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইয়াসির আরাফাত হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বান্দরবানের থানচি উপজেলার দুর্গম রেমাক্রী ও তিন্দু ইউনিয়নের সীমান্তবর্তী পাহাড়ি জনপদে ডায়রিয়ার প্রকোপ উদ্বেগজনকভাবে বেড়েছে।
ইতোমধ্যে নারী, শিশু ও শিক্ষার্থীসহ অর্ধশতাধিক মানুষ আক্রান্ত হয়েছেন উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্গম যোগাযোগ ব্যবস্থা, বিশুদ্ধ পানির সংকট এবং প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রীর অভাবে স্থানীয় জনগণের দুর্ভোগ আরও বৃদ্ধি পেয়েছে।
এতে বলা হয়, ওরস্যালাইন, কলেরা স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধের ঘাটতি পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, থানচি উপজেলার দুর্গম রেমাক্রী বাজার ও তিন্দু এলাকায় শনিবার থেকেই বিজিবির পক্ষ থেকে বিশেষ মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এই ক্যাম্পেইনের মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ, ওরস্যালাইন, কলেরা স্যালাইন এবং বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে।
বিজিবির মেডিকেল অফিসার মেজর তাবেঈন ইয়াসিয়াজ ভূঁইয়ার নেতৃত্বে একটি অভিজ্ঞ মেডিকেল টিম চিকিৎসাসেবা দিচ্ছে। পাশাপাশি ডায়রিয়া প্রতিরোধ, বিশুদ্ধ পানি ব্যবহার, স্বাস্থ্যবিধি অনুসরণ এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ে স্থানীয় জনগণকে সচেতনতামূলক দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।


