মানিকগঞ্জের সিংগাইরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা মতি বেপারীকে (৪৪) গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
বুধবার বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ মানবেন্দ্র বালো। তিনি জানান, গত ৪ মে শিশুটির মা সিংগাইর থানায় মেয়েকে ধর্ষণের অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা করেন।
মঙ্গলবার তথ্যপ্রযুক্তি সহায়তায় অভিযুক্ত মতি মিয়াকে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার দেওঘাটা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহারে বলা হয়েছে, প্রায় ৫ বছর আগে অন্তঃসত্ত্বা অবস্থায় শিশুটির মাকে বিয়ে করেন মতি বেপারী। এরপর তিনি কন্যা সন্তানের জন্ম দেন।
গত ১ মে রাত সাড়ে ১১ টায় সুযোগ পেয়ে মতি বেপারী শিশুটিকে ধর্ষণ করেন। এরপর শিশুটি অতিরিক্ত রক্তক্ষরণে অসুস্থ হয়ে পড়লে পরের দিন সকালে তার মা ধর্ষণের বিষয়টি জানতে পারেন।
প্রথমে শিশুটিকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে।


