বিএনপি ক্ষমতায় গেলে জনগণকে স্বাস্থ্য, কৃষি ও ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘এদেশে কোন মানুষ বিনা চিকিৎসায় মারা যাবে না। সবার জন্য চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে।’
বৃহস্পতিবার কক্সবাজারের উপকূলীয় উপজেলা পেকুয়ায় তৃতীয় দিনের মতো নির্বাচনি প্রচারে এক পথসভায় এসব কথা বলেন তিনি।
গণসংযোগকালে মগনামার ফুলতলা এলাকায় ইউনিয়ন বিএনপি আয়োজিত ওই সভায় সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘দরিদ্রদের জন্য ফ্যামিলি কার্ড দেওয়া হবে। কৃষকরা পাবেন ঋণ ও নানা সুবিধা সম্বলিত কৃষি কার্ড।’
এ সময় উপকূলের লবণ চাষিদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে বলেও মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার সকালে মগনামা এলাকার পীর জাফর শাহ (রহ.) ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল করিম চৌধুরীর কবর জিয়ারত করে নিজ নির্বাচনি এলাকায় প্রচার শুরু করেন এই বিএনপি নেতা।
তার সঙ্গে সহধর্মিনী ও সাবেক সংসদ সদস্য এডভোকেট হাসিনা আহমেদ, জেলা ওলামা দলের আহবায়ক মাওলানা আলী আহসান চৌধুরী, পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল।


