গুলিতে গুরুতর আহত ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।
শুক্রবার রাতে ঝালকাঠির নলছিটি উপজেলা শহরের খাসমহল এলাকায় এ ঘটনা ঘটে।
ওসমান হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম জানান, বাসায় কেউ না থাকার সুযোগে জানালা ভেঙে চোর ঘরে প্রবেশ করে। বাড়ি থেকে কী পরিমাণ মালামাল চুরি হয়েছে তা এখনো জানা যায়নি।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, ‘আমরা ঘটনাস্থলে এসেছি। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।’

শুক্রবার রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় দুর্বৃত্তরা ওসমান হাদির ওপর গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার চিকিৎসা চলছে।
এদিকে তার গুলিবিদ্ধ হওয়ার খবর শুনেই শুক্রবার বিকালেই ঢাকার উদ্দেশে রওনা দেন পরিবারের সদস্যরা।


