ইরানে নোবেল শান্তি পুরস্কারজয়ী ও নারী অধিকারকর্মী নার্গিস মোহাম্মদীকে গ্রেপ্তার করা হয়েছে।
নার্গিস ফাউন্ডেশনের বরাতে বিবিসির খবরে জানা যায়, শুক্রবার ইরানের নিরাপত্তা ও পুলিশ বাহিনীর সদস্যরা তাকে গ্রেপ্তার করেন।
গত সপ্তাহে মৃত উদ্ধার করা আইনজীবী খসরো আলিকোরির স্মরণ সভায় অংশ নেওয়ার পরই গ্রেপ্তার হন নার্গিস। নরওয়ে ভিত্তিক সংগঠন ইরান হিউম্যান রাইটস তার মৃত্যুর কারণ নির্ধারণে স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে, তারা বলছে, তার মৃত্যু ‘সন্দেহজনক’। ওই স্মরণ সভা থেকে আরও কয়েকজন মানবাধিকার কর্মীকে আটক করা হয়।
নোবেল বিজয়ী নার্গিস মোহাম্মদী ইরানি মানবাধিকার কর্মী। তিনি ২০২৩ সালে ইরানে নারীদের দমন-পীড়নের বিরুদ্ধে সংগ্রাম ও মানবাধিকার প্রতিষ্ঠায় অবদানের জন্য নোবেল শান্তি পুরস্কার পান। ২০২১ সাল থেকে ইরানের রাজধানী তেহরানের ইভিন কারাগারে বন্দী ছিলেন তিনি।
চিকিৎসাজনিত কারণে ২০২৪ সালের ডিসেম্বরে তাকে তিন সপ্তাহের জন্য সাময়িক মুক্তি দেওয়া হয়। মেয়াদ শেষে কারাগারে ফেরার কথা থাকলেও তাকে আর কারাগারে যেতে হয়নি।
বিবিসির খবরে বলা হয়, নার্গিস মোহাম্মদীর স্বামী তাগি রহমানি জানান, নিরাপত্তা ও পুলিশ বাহিনীর সদস্যরা নার্গিসকে সহিংসভাবে গ্রেপ্তার করেছে। এটি মানবাধিকার আইনের পরিপন্থী এবং প্রতিশোধমূলক আচরণের শামিল উল্লেখ করেন তিনি।
গত এক বছর ধরে মোহাম্মদী বাধ্যতামূলক হিজাব পরতে অস্বীকৃতি জানান। এর সঙ্গে দেশজুড়ে সহকর্মী অধিকারকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করে নিজের অবস্থানে অটল থাকেন নার্গিস ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, নার্গিসকে এখন পর্যন্ত ১৩ বার গ্রেপ্তার করা হয়েছে এবং মোট ৩৬ বছরের কারাদণ্ড ও ১৫৪ বেত্রাঘাতের সাজা দেওয়া হয়েছে।


