ইন্টারনেট অবকাঠামোর গুরুত্বপূর্ণ অংশ ক্লাউডফ্লেয়ারে সমস্যা দেখা দিয়েছে। এর ফলে বিশ্বব্যাপী বেশিরভাগ ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছিল না। মাঝে মাঝেই ওয়েবসাইটগুলোয় প্রবেশ করা যাচ্ছিল, একটু পরপরই সেই সংযোগ বিচ্ছিন্ন হচ্ছিল।
মঙ্গলবার বাংলাদেশ সময় বিকাল থেকে ক্লাউডফ্লেয়ার পরিষেবা নেওয়া ওয়েবসাইটগুলোতে প্রবেশ করা যায়নি। প্রবেশ করতে গেলে ওয়েবসাইট জুড়ে ভেসে উঠেছে, ‘ক্লাউডফ্লেয়ার এরর’ বার্তাটি।
লাখ লাখ ওয়েবসাইটকে ক্ষতিকর আক্রমণ থেকে রক্ষা করাসহ বিভিন্ন পরিষেবা দেয় যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ক্লাউডফ্লেয়ার। প্রতিষ্ঠানটি একটি অজ্ঞাত সমস্যার সম্মুখীন হয়েছে বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।
যার ফলে ইন্টারনেট ব্যবহারকারীরা ক্লাউডফ্লেয়ারের কিছু গ্রাহকের ওয়েবসাইটে প্রবেশ করতে পারছেন না।
এমনকি কিছু সাইটের মালিকও তাদের পারফরম্যান্স ড্যাশবোর্ড অ্যাক্সেস করতে পারছেন না।
ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, ক্লাউডফ্লেয়ারের সমস্যার সময়েই এক্স এবং ওপেন এআই-এর মতো সাইটগুলোতেও বিভ্রাটের মাত্রা বেড়ে গেছে।
বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ক্লাউডফ্লেয়ারের পক্ষ থেকে এক বার্তায় বলা হয়েছে, ‘আমরা দেখছি যে পরিষেবাগুলো পুনরুদ্ধার হচ্ছে। কিন্তু আমরা প্রতিকারের প্রচেষ্টা চালিয়ে যাওয়ায় গ্রাহকরা স্বাভাবিকের চেয়ে বেশি ত্রুটির হার দেখতে পারেন।’
বিষয়টি পরীক্ষানিরীক্ষা করে দেখা হচ্ছে বলেও জানিয়েছে ক্লাউডফ্লেয়ার। তবে কী কারণে এ সমস্যা হয়েছে তা স্পষ্ট করা হয়নি।


