শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদের চতুর্থ সভা শেষে মোহাম্মদ রফিককে নিয়োগ দেয়া হয়েছে স্পেশালিস্ট স্পিন বোলিং কোচ হিসেবে। সাবেক এই বাঁহাতি স্পিনারকে এক বছরের জন্য নিয়োগ দিলেও কোথায়, কীভাবে কাজ করবেন সেটা নিশ্চিত করা হয়নি বিসিবির তরফ থেকে। তবে সোমবার বিসিবির ক্রিকেট অপারেশন্স ইনচার্জ শাহরিয়ার নাফিস জানিয়েছেন, শুধু জাতীয় দল নয়, বয়সভিত্তিক দলেও কাজ করবেন রফিক।
সোমবার বিসিবি কার্যালয়ের লবিতে এক সংবাদ সম্মেলনে নাফিস বলেন, ‘রফিক ভাই মূলত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করবেন। ওনার কোনো পার্টিকুলার দল নেই। এই ব্যাপারটা আসলে সবার একটু ভুল ধারণা আছে যে উনি হয়তো শুধুমাত্র জাতীয় দলের জন্য কাজ করবেন, ব্যাপারটা এরকম না।’
শুধু কি জাতীয় দল? নাকি বিভিন্ন পর্যায়ের দলের সঙ্গে কাজ করবেন রফিক? এই প্রশ্নের জবাবে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি অধিনায়ক নাফিস সাংবাদিকদের বলেন, ‘উনার অ্যাসাইনমেন্টটা হচ্ছে মেন্টর হিসেবে উনি বিভিন্ন স্কোয়াডের সাথে কাজ করবেন। ন্যাশনাল টিম হতে পারে, অনূর্ধ্ব-১৯ হতে পারে, এইচপি হতে পারে, টাইগার্স হতে পারে’
এর আগে শনিবার বোর্ড সভা শেষে রফিকের নিয়োগ নিয়ে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বলেন, ‘আপাতত এক বছরের একটা চুক্তি হয়েছে। এখনো রফিকের মধ্যে বোলিংয়ের যে পারফরম্যান্স দেখি, কখনো মনে হয় না যে ও রিটায়ার্ড করার মতোওর যে ইনটেন্ট থাকে মাঠের মধ্যে এই বয়সেও সাধারণ একটা খেলায়। তখন উই থিংক যে ওকে ইফ প্রপারলি ও যদি আমাদের জুনিয়ার প্লেয়ার ইন্টারমিডিয়েট প্লেয়ার ইভেন কি সিনিয়র লেভেলের প্লেয়ার যারা স্পিন বোলিং করে তাদের সাথে যদি ও কাজ করে তার ওর কাছ থেকে যদি কিছু টিপস ওরা পায় এটা আমাদের জন্য খুব বেনিফিশিয়াল হবে।’


