প্রায় সাত ঘণ্টার চেষ্টায় ঢাকার কেরানীগঞ্জের বাবুবাজার এলাকায় জমেলা টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে এসেছে।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের অপারেশন ও মেনটেন্যান্স বিভাগের পরিচালক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম।
ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার পর এখন তা পুরোপুরি নির্বাপনের কাজ চলছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে জানানো হয়েছে, ভবনে আটকে পড়া আরও ৩ জনকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। এর ফলে ভবনটি থেকে মোট ৪৫ জনকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস সদস্যরা।
এ ছাড়া প্রচুর ধোঁয়ার কারণে তিনটি ব্রিদিং টেন্ডার, একটি হ্যাজম্যাট টেন্ডারসহ মোট ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে বলে জানায় সদর দপ্তর।
তাজুল ইসলাম জানান, এখনও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ছাড়া ভবনের ভেতরে কোনো কেমিক্যালের অস্তিত্ব পাওয়া যায়নি।
এদিন ভোরে ঢাকার কেরানীগঞ্জের বাবুবাজারে ১২ তলাবিশিষ্ট জমেলা টাওয়ারে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, তারা প্রথমে ৫টা ৩৭ মিনিটে আগুনের খবর পায়। আট মিনিটের মধ্যেই প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তারা ৫টা ৪৫মিনিটে কাজ শুরু হয়। পরে কেরানীগঞ্জ, সদরঘাট এবং সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার কাজে যোগ দেয়।
জানা গেছে, ১২ তলা ভবনটির নিচ তলা থেকে আগুনের সূত্রপাত। এর ফলে ভারী ধোঁয়া দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে, তাতে ভবনের ভেতরে থাকা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।


