ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে আহত শ্রমিকদের চিকিৎসা সহায়তা ও তাদের পরিবারের পাশে দাঁড়াতে আর্থিক সহায়তা দিয়েছে সরকার।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোববার রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আহত শ্রমিকদের প্রত্যেককে ১ লাখ টাকা করে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ‘বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন’-এর তহবিল থেকে এই জরুরি সহায়তা দেওয়া হয়। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শ্রমিক মো. আশিফ ও মো. জিসানের পরিবারের সদস্যদের হাতে এই সহায়তার চেক তুলে দেন মন্ত্রী।
চেক হস্তান্তর করে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সরকার সবসময় শ্রমজীবী মানুষের পাশে রয়েছে। তিনি অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি তিনি আশ্বস্ত করেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থেকে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।
অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান মন্ত্রী। তদন্তে কারও অবহেলা বা দায় প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
এ সময় উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, ঢাকা জেলার জেলা প্রশাসক মো. রেজাউল করিম, পুলিশ সুপার মো. মিজানুর রহমানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক ও সংশ্লিষ্ট চিকিৎসকরা।


