পৌর তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগে কুষ্টিয়া পৌরসভার কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক মেয়রসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার সকালে দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায় মামলাটি দায়ের করেন।
মামলার আসামিরা হলেন, কুষ্টিয়া পৌরসভার সাবেক মেয়র আনোয়ার আলী, সাবেক পৌর নির্বাহী কর্মকর্তা কামাল উদ্দিন এবং সাবেক হিসাব রক্ষক আবুল কালাম আজাদ।
মামলার অভিযোগে বলা হয়, ২০০৪ সালের ২৬ জুলাই কোনো রেকর্ডপত্র বা রেজুলেশন ছাড়াই অগ্রণী ব্যাংক পিএলসি’র থানাপাড়া শাখায় ‘দরিদ্র তহবিল’ নামে একটি চলতি হিসাব একক স্বাক্ষরে খোলা হয়।
পরে ২০১৮ সালের ১ জানুয়ারি থেকে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ভবনের নকশা অনুমোদন ও লাইসেন্সের ক্ষেত্রে সরকারি ফির অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। আদায় করা এসব টাকা ব্যাংকে জমা দিয়ে যথাযথ রেকর্ড বা রেজুলেশন ছাড়াই বিভিন্ন খাতে ব্যায় দেখিয়ে পরস্পর যোগসাজস ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে মোট ৫ কোটি ২১ লাখ ৭ হাজার ৫৬৯ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মইনুল আহসান রওশনী বলেন, ‘অভিযোগ তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।’


