মানিকগঞ্জে এক ঘণ্টায় ৪ ককটেল বিস্ফোরণ, আহত ২

মানিকগঞ্জে এক ঘণ্টায় ৪ ককটেল বিস্ফোরণ, আহত ২
মানিকগঞ্জ শহরে এক ঘণ্টার ব্যবধানে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ছবি: টাইমস
Advertisement
Advertisement

মানিকগঞ্জ শহরে এক ঘণ্টার ব্যবধানে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় দুই রিকশাচালক আহত হন। পরে সন্দেহভাজন তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

রোববার রাত ৯টা ৫৫ মিনিট থেকে ১১টার মধ্যে শহরের বাসস্ট্যান্ড, ইউনাইটেড হাসপাতাল এলাকা ও গোলড়া হাইওয়ে থানা এলাকায় এসব বিস্ফোরণ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রথমে রাত ৯টা ৫৫ মিনিটে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণ হয়। এরপর রাত ১০টা ২০ মিনিটে শহরের ইউনাইটেড হাসপাতালের সামনে আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পর গোলড়া হাইওয়ে থানার সামনে আরও একটি ককটেল বিস্ফোরণ হয়েছে।

এসব বিস্ফোরণের ঘটনায় রিকশাচালক সাগর হোসেন (১৭) ও নবীর হোসেন (৫২) আহত হন। তাদের দ্রুত উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

আরও পড়ুন

এদিকে, ঘটনার পরপরই পুলিশ বাসস্ট্যান্ড, হাসপাতাল এলাকা ও সংশ্লিষ্ট সড়কগুলোতে অতিরিক্ত ফোর্স মোতায়েন করে টহল জোরদার করে। এ সময় সন্দেহভাজন একটি পিকআপ ভ্যানের চালক, তার সহযোগী এবং পিকআপের মালিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন রাব্বি বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার গভীর রাতে শিবালয়ের ফলসাটিয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে পার্কিং করা দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। এতে বাসচালক তাজেস খান দগ্ধ হন। আগের দিন বুধবার রাত সাড়ে ৮টায় মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে চলন্ত পিকআপ ভ্যান থেকে ককটেল নিক্ষেপ করা হয়।

এ ছাড়া ৮ নভেম্বর রাতে শিবালয়ের উথুলী মোড়ে সারমানো সিএনজি স্টেশনে পার্কিং করা মুন্নু ইন্টারন্যাশনাল স্কুলের একটি বাসে আগুন দেওয়া হয়। একই রাতে সাটুরিয়ার দরগ্রাম গ্রামীণ ব্যাংক কার্যালয়ের সামনেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad