কিশোরগঞ্জের অষ্টগ্রামে হাওর থেকে ধান কেটে বাড়ি ফেরার পথে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়া যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কালনী নদীর নূরপুর গ্রামের পাশ থেকে ফায়ার সার্ভিসের একটি দল মরদেহটি উদ্ধার করে।
নিহত ঈমান মিয়া (২৬) উপজেলার আদমপুর ইউনিয়নের নূরপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি কৃষিকাজ করতেন।
এর আগে বুধবার বিকাল ৩টার দিকে উপজেলার আদমপুর ইউনিয়নের কালনী নদীতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় শিক্ষক মো. সারোয়ার হোসেন জানান, বুধবার বিকালে ঈমান মিয়াসহ কয়েকজন শ্রমিক হাওর থেকে ধান কেটে নৌকায় করে বাড়ি ফিরছিলেন। পথে হঠাৎ ঝড় শুরু হলে নৌকায় পানি উঠতে থাকে। একপর্যায়ে নৌকার পানি সেচার কাজে ব্যবহৃত সেঁউতি পানিতে পড়ে গেলে সেটি ধরতে যান ঈমান মিয়া। এরপর থেকেই তিনি নিখোঁজ হন।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামান জানান, স্থানীয়দের মাধ্যমে ঘটনাটি জানতে পারে পুলিশ। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় উদ্ধার অভিযান চালানো হয়। বৃহস্পতিবার সকালে কালনী নদী থেকে ঈমান মিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে।


