কিছু রাজনৈতিক দলের অনমনীয় জেদ ও ভুলের কারণে জুলাই সনদ বাস্তবায়ন এবং ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পথে অন্তরায় সৃষ্টি হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে এবি পার্টি।
রোববার দলের জাতীয় নির্বাহী কাউন্সিলের এক বিশেষ সভায় দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এ আশঙ্কা প্রকাশ করেন।
সভায় সভাপতিত্ব করেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের পর সবচেয়ে বেশি দরকার ছিল জাতীয় ঐক্য, কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক দূরত্ব ও কাদা ছোড়াছুড়ি জাতীয় ঐক্য এবং রাজনৈতিক সহাবস্থানের পরিবেশ নষ্ট করছে।’
তিনি বলেন, ‘এটি জুলাই গণঅভ্যুত্থানের উদ্দেশের বিপরীত এবং প্রধান উপদেষ্টার পদক্ষেপ এখনো অস্পষ্ট।’
এবি পার্টি চেয়ারম্যান প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে জাতীয় ঐক্য রক্ষা এবং রাজনৈতিক অনিশ্চয়তা দূর করার জন্য দৃঢ় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, ‘জুলাই সনদে ঐকমত্য প্রতিষ্ঠার পর বাস্তবায়নের পন্থা নিয়ে নানা মত তৈরি হওয়া দুঃখজনক।’
জুলাই সনদ নির্বাচনের পূর্বেই বাস্তবায়ন হওয়া উচিত, এবং জুলাই সনদের ভিত্তিতেই ফেব্রুয়ারি মাসে সম্ভাব্য জাতীয় নির্বাচন অনুষ্ঠান এবি পার্টির অবস্থান, যোগ করেন তিনি।
এবি পার্টি সবাইকে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছে, যাতে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন কোনো বাধার মুখে না পড়ে। সভায় দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতিতে উদ্বেগও প্রকাশ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন এবি পার্টির সিনিয়র ভাইস-চেয়ারম্যান প্রফেসর মেজর আব্দুল ওহাব মিনার, সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ভাইস-চেয়ারম্যান জাহাঙ্গীর কাশেম, অ্যাডভোকেট গোলাম ফারুক, লেফটেন্যান্ট কর্নেল (অব.) দিদারুল আলম, লেফটেন্যান্ট কর্নেল (অব.) হেলাল উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার জোবায়ের আহমেদ ভূঁইয়াসহ জাতীয় নির্বাহী পরিষদের অন্যান্য সদস্য।


