ডেমরায় সুইমিং পুলে নেমে শিক্ষার্থীর মৃত্যু

ডেমরায় সুইমিং পুলে নেমে শিক্ষার্থীর মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানীর ডেমরা কোনাপাড়ায় সুইমিং পুলে গোসল করতে নেমে পানিতে ডুবে সাকিব হোসেন (২২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে কোনাপাড়া শামছি স্পোর্টস গ্যালারির সুইমিং পুলে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় বন্ধু ও স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক বেলা ২টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত সাকিবের বন্ধু মো. রিফাত পাটোয়ারী জানান, সকালে তারা ১৬ জন বন্ধু মিলে ডেমরা কোনাপাড়া শামছি স্পোর্টস গ্যালারি তিন হাজার ২০০ টাকা দিয়ে ভাড়া নেন। সেখানে ফুটবল খেলেন তারা। এরপর সুইমিং পুলে গোসল করতে নামেন। গোসল করার সময় এক পর্যায়ে পানিতে তলিয়ে যান সাকিব। পরে সেখানকার স্টাফের মাধ্যমে তাকে পানি থেকে উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে সাকিবকে কোনাপাড়া একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।

সাকিবের বাবা মো. আরিফ হোসেন জানান, কদমতলী ধনিয়া এলাকায় তাদের বাড়ি। সাকিব ধনিয়া কলেজের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ছিল। সকালে বাড়িতে কাউকে কিছু না বলে বেরিয়ে যায় সে। এরপর সাকিবের বন্ধুদের কাছ থেকে জানতে পারেন, সে কোনাপাড়া সুইমিংপুলে গোসল করতে গিয়ে পানিতে ডুবে গেছে। সাঁতার জানতো না সাকিব।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ডেমরা থানা পুলিশ তদন্ত করছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর