মেহেরপুরের গাংনীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এনামুল হক (৪০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে মনোয়ারা খাতুন নামে এক নারী গুরুতর আহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সাহারবাটি গ্রামের ক্লাবপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত এনামুল হক ওই গ্রামের মৃত নজের আলীর ছেলে। আহত মনোয়ারা খাতুন বর্তমানে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা জানিয়েছে, ক্লাবপাড়া এলাকার একটি মার্কেটে জনৈক ব্যক্তির দোকানের টিনের ছাউনি দেওয়ার কাজ করছিলেন এনামুল হক। এ সময় টিনের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি গুরুতর আহত হয়ে নিচে পড়ে যান।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


