নতুন তেল পাইপলাইনের একটি গুরুত্বপূর্ণ জ্বালানি চুক্তিতে স্বাক্ষর করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও আলবার্টা প্রিমিয়ার ডানিয়েল স্মিথ। এই চুক্তির মাধ্যমে নতুন তেল পাইপলাইন নির্মাণের পথ খুলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
চুক্তি অনুযায়ী, আলবার্টা ২০৪০ সালের মধ্যে শিল্পখাতের কার্যকর কার্বন নিঃসরণ মূল্য প্রতি টনে ১৩০ ডলারে উন্নীত করবে। একই সময়ে কার্বনের ঘোষিত মূল্য দাঁড়াবে ১৪০ ডলার, যা বর্তমানে ৯৫ ডলারে স্থির রয়েছে।
এর বিনিময়ে আলবার্টা সরকার আগামী ১ জুলাইয়ের মধ্যে নতুন তেল পাইপলাইনের প্রস্তাব কেন্দ্রীয় সরকারের মেজর প্রজেক্টস অফিসে জমা দেবে। এরপর ফেডারেল সরকার ১ অক্টোবরের মধ্যে এটিকে জাতীয় স্বার্থসংশ্লিষ্ট প্রকল্প হিসেবে ঘোষণার উদ্যোগ নেবে।
কানাডার আন্তঃসরকারবিষয়ক মন্ত্রী ডমিনিক লেব্লানক জানিয়েছেন, পাইপলাইন প্রকল্পটি বাস্তবায়ন নির্ভর করছে ‘পাথওয়েজ’ প্রকল্পের ওপর। এটি একটি বড় কার্বন ক্যাপচার, ব্যবহার ও সংরক্ষণ সিসিইউএস প্রকল্প।
তিনি বলেন, ‘দুই প্রকল্পই একসঙ্গে এগোবে, শুরু থেকেই আমরা এ বিষয়ে পরিষ্কার ছিলাম।’
অন্যদিকে, আলবার্টার সমাজসেবা মন্ত্রী জেসন নিক্সন বলেন, দুটি প্রকল্প একই সময়ে শুরু হওয়া বাধ্যতামূলক নয়, তবে উভয় উদ্যোগ বাস্তবায়নে অঙ্গীকার রয়েছে।
জ্বালানি শিল্পসংশ্লিষ্ট নেতারা বলছেন, নতুন পাইপলাইন কানাডার অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। তবে পরিবেশবাদীরা কার্বন নিঃসরণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন।
উল্লেখ্য কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ক্ষমতা গ্রহণের পর থেকেই কানাডার অর্থনীতিকে সচল ও জনগণের সুবিধার্থে একের পর এক উন্নয়নমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় এটিও একটি গুরুত্বপূর্ণ জ্বালানি চুক্তি স্বাক্ষর যা আলবার্টার উন্নয়নের পাশাপাশি সমগ্র কানাডায় অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলবে।
অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে নতুন কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হবে।


