কানাডার ক্যালগেরির বাংলাদেশ সেন্টারে ‘বারাকা অ্যাপারেল’ এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব। দিনব্যাপী আয়োজনে ছিল বাংলাদেশি সুস্বাদু বিভিন্ন ধরনের পিঠা।
একই সঙ্গে বাহারি রকমের শাড়িসহ নারীদের সাজগোজের নানা রকমের সরঞ্জামও ছিল আয়োজনে। সবমিলিয়ে এক অন্যরকম মিলনমেলায় পরিণত হয় এ আয়োজন।
প্রাণের আনন্দে মেতে ছিলেন প্রবাসী বাঙালিরা। ভালোবাসার রঙ, আড্ডার রঙ, লোকজ ভাবনা, বাংলার ঐতিহ্য আর ভালোবাসা বিনিময়ে ছিল তৎপর। প্রবাসী বাঙালিদের একে অপরের আড্ডা আর সান্নিধ্যে আসার প্রমাণও মিলেছে। ভিন্ন মাত্রায় ঘটেছিল লোক সমাগমের আগমন।
ক্যালগেরির ‘বারাকা অ্যাপারেল’ এর স্বত্বাধিকারী আরিফা রব্বানি বলেন, ‘প্রতি বছরই পিঠা উৎসবের আয়োজন করা হয়। এবার বাংলাদেশ সেন্টারে একটু ব্যতিক্রম আয়োজন করেছি। সত্যিই প্রবাসী বাঙালিদের সম্মিলনে এটি এক অন্যরকম ভাললাগা ও ভালবাসার আয়োজন ছিল।’
প্রকৃতির বৈচিত্র্যময় আবাহনে বাংলার পথে-প্রান্তরে এখন পিঠা উৎসবের আমেজ। নতুন ধান বাড়িতে তোলার পর থেকে প্রতিটি ঘরে থাকে পিঠাপুলির উৎসব। এক সময় এই পিঠা উৎসব ছিল অন্যরকম ভালো লাগা বাঙালি সংস্কৃতি।


