চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ঢাকার ক্যানটনমেন্ট থানায় করা মামলায় চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে কারাগারে পাঠিয়েছে আদালত।
শনিবার আদালত সূত্রে জানা গেছে, গত ১৮ এপ্রিল তাকে কারাগারে পাঠানো হয়েছে। আদালতের প্রসিকিউশন বিভাগ ও ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে, ওই দিনই ভুক্তভোগী মিজানুর রহমান ক্যানটনমেন্ট থানায় একটি প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলা করেন। এরপর দেবু প্রসাদ রায়কে কারাগারে আটক রাখার আবেদন করেন ক্যানটনমেন্ট থানা পুলিশ। পরে আদালত এ আদেশ দেয়।
মামলায় বলা হয়েছে, চলচ্চিত্র প্রযোজনার ব্যবসার কথা বলে ভুক্তভোগী মিজানুর রহমান ও তার বন্ধুর কাছ থেকে ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর সকাল আনুমানিক ১০টার দিকে একই থানাধীন পশ্চিম মাটিকাটার তাদের বাসায় এসে দেবু প্রসাদ রায় নগদ ৫ কোটি ৫০ লাখ টাকা ধার নেন।
পরে একই ব্যবসার কথা বলে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের মাধ্যমে আরও ৫০ লাখ এবং ২০২৪ সালের ১৫ মে ১০০ টাকার তিনটি নন-জুডিশিয়াল স্ট্যাম্প সম্পাদনের মাধ্যমে নগদ ৬ কোটি টাকা নেন।
এ ছাড়া, বিভিন্ন সময়ে বিকাশ, নগদ ও রকেটের একাধিক নম্বরে মোট ১ কোটি ২০ লাখ টাকা পাঠানো হয়। সর্বশেষ ২০২৬ সালের ৩০ মার্চ বিকাল ৩টার দিকে অভিযুক্তের অনুরোধে আরও ১০ হাজার ২০০ টাকা বিকাশে পাঠান মিজানুর রহমান।
ভুক্তভোগীর দাবি, দীর্ঘদিন পার হলেও অভিযুক্ত কোনো টাকা ফেরত দেননি। টাকা চাইলে নানা ধরনের টালবাহানা করেন এবং পরে হুমকি দিতে থাকেন।
তার বিশ্বাসের সুযোগ নিয়ে মোট ১৩ কোটি ২০ লাখ ১০ হাজার ২০০ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করেন মিজানুর রহমান।


