কানসাসের তীব্র গরমে মেসিদের সুরক্ষায় ‘কুলিং ভেস্ট’

কানসাসের তীব্র গরমে মেসিদের সুরক্ষায় ‘কুলিং ভেস্ট’
ছবি: এক্স
Advertisement
Advertisement

আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপে দুর্দান্ত সূচনা করেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে মাঠের লড়াইয়ের উত্তাপের পাশাপাশি এবার তীব্র আবহাওয়ার বৈরিতার মুখোমুখি হতে হচ্ছে লিওনেল স্কালোনির শিষ্যদের। কানসাসের প্রচণ্ড গরমে খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা অটুট রাখতে এবার আধুনিক প্রযুক্তির সহায়তা নিচ্ছে আর্জেন্টিনা ফুটবল দল।

বিশ্বকাপের প্রথম ম্যাচে মেসির হ্যাটট্রিকের পর বৃহস্পতিবার কানসাসে পরবর্তী ম্যাচের প্রস্তুতি হিসেবে অনুশীলনে নামে আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের এই শহরে তখন তাপমাত্রা ছিল প্রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস। এই তীব্র গরমের প্রভাব থেকে খেলোয়াড়দের রক্ষা করতে এবং ক্লান্তি দূর করতে বিশেষ ধরনের ‘কুলিং ভেস্ট’ ও ইনসুলেটেড বুট ব্যবহার করতে দেখা গেছে লিওনেল মেসিদের।

টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, কানসাসের অসহ্য গরমের সঙ্গে মানিয়ে নিতেই এই বিশেষ কুলিং ভেস্টের ব্যবস্থা করেছে আর্জেন্টিনা। ফুটবল মাঠে এই প্রযুক্তি খুব একটা পরিচিত না হলেও ফর্মুলা ওয়ানের রেসারদের কাছে এটি বেশ জনপ্রিয়। সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও কাতারের মতো প্রচণ্ড গরম ও আর্দ্রতার ট্র্যাকে ফর্মুলা ওয়ান চালকরা নিয়মিত এই ভেস্ট ব্যবহার করে থাকেন।

আর্জেন্টিনা দলের কিট স্পন্সর প্রতিষ্ঠান পুরো স্কোয়াডের জন্যই এই বিশেষ কুলিং ভেস্ট সরবরাহ করেছে। ইলাস্টিক উপাদানে তৈরি এই ভেস্টে একাধিক বিশেষ কম্পার্টমেন্ট রয়েছে, যেখানে দীর্ঘক্ষণ ঠান্ডা থাকে এমন বিশেষ কুলিং জেল রাখা হয়। এই জেলগুলো খেলোয়াড়দের ত্বকের সংস্পর্শে এসে শরীরের মূল তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে এবং তাৎক্ষণিক স্বস্তি দিতে সাহায্য করে।

কেবল শরীর নয়, পায়ের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতেও আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে বর্তমান চ্যাম্পিয়নরা। ভেস্টের পাশাপাশি মেসিদের জন্য ব্যবহার করা হচ্ছে বিশেষ ইনসুলেটেড বুট, যা তীব্র গরমেও পায়ের সুরক্ষা নিশ্চিত করবে। এমন অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার আর্জেন্টিনা দলের শারীরিক সক্ষমতা ধরে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad