কক্সবাজারে ১০ বছরের শিশুকে অপহরণের অভিযোগ, মুক্তিপণ দাবি

কক্সবাজারে ১০ বছরের শিশুকে অপহরণের অভিযোগ, মুক্তিপণ দাবি
শিশু ইব্রাহিম। ছবি সংগৃহীত
Advertisement
Advertisement

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইব্রাহিম (১০) নামের এক শিশুকে অপহরণের অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার ঈদগাঁও ইউনিয়নের কালিরছড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পরিবার।

ইব্রাহিম উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে পণ্য বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। তার গ্রামের বাড়ি বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারের জাহানপুর এলাকায়।

ইব্রাহিমের ফুফাতো ভাই মো. কালাম সরদার জানান, প্রতিদিনের মতো ইব্রাহিম সকাল ১০টার দিকে বাসা থেকে বের হয়েছিল। সাধারণত দুপুর ২টার মধ্যে বাড়ি ফিরে আসে সে। কিন্তু নির্ধারিত সময়ে না ফেরায় পরিবারের সদস্যরা প্রথমে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে সন্ধ্যা ৬টার পর বিষয়টি নিয়ে তারা আরও উদ্বিগ্ন হয়ে পড়েন।

রাত ৭টার দিকে ইব্রাহিমের ব্যবহৃত মোবাইল নম্বর থেকে পরিবারের কাছে একটি কল আসে উল্লেখ করে কালাম জানান, তাকে কালিরছড়ার একটি বাড়িতে আটকে রেখে নির্যাতন করা হচ্ছে বলে কলের অপর প্রান্ত থেকে জানানো হয়। একই সঙ্গে রাতের মধ্যেই এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে তাকে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়। কিছুক্ষণ পর কলটি কেটে যায় এবং পরে নম্বরটি বন্ধ পাওয়া যায়।

আরও পড়ুন

পরিবারের দাবি, অপহরণের পর থেকে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম সিফাতুল মাজহার জানান, শিশুটি এলাকায় ফেরি করে জীবিকা নির্বাহ করত। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিষয়টি নিখোঁজ নাকি অপহরণ; তা গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।

এ ছাড়া পরিবারের পক্ষ থেকে মুক্তিপণ দাবির বিষয়টি জানানো হয়েছে উল্লেখ করে শিশুটিকে দ্রুত উদ্ধারে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে আশ্বস্ত করেন তিনি।

এদিকে স্থানীয় বাসিন্দারা ঘটনাটিকে অত্যন্ত উদ্বেগজনক উল্লেখ করে দ্রুত শিশুটিকে নিরাপদে উদ্ধারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয় হস্তক্ষেপ কামনা করেছেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত নজরদারি ও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad