কক্সবাজারের রামু উপজেলার চাঞ্চল্যকর বেলাল উদ্দিন জিহাদ (২২) হত্যা মামলার প্রধান আসামি তাহেরা বেগম আঁখিকে (৩২) গ্রেপ্তার করেছে র্যাব। তিনি সম্পর্কে নিহতের স্ত্রী।
গ্রেপ্তার আঁখি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘টিকটকার’ হিসেবে পরিচিত বলে জানিয়েছে র্যাব।
সোমবার বিকালে উখিয়া উপজেলার কোটবাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাবের একটি দল।
কক্সবাজারে দায়িত্বরত র্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, গত ৪ মার্চ রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরংলোয়া এলাকার একটি ভাড়া বাসা থেকে বেলাল উদ্দিন জিহাদের গলাকাটা ও অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বেলাল রাজারকুল ইউনিয়নের হাজীপাড়ার বাসিন্দা এবং পেশায় একজন টমটমচালক ছিলেন।
ঘটনার পর থেকেই তার স্ত্রী তাহেরা বেগম আঁখি আত্মগোপনে ছিলেন। এ ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে আঁখিকে প্রধান আসামি করে রামু থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
র্যাব কর্মকর্তা জানান, হত্যাকাণ্ডের পর থেকেই ছায়াতদন্ত শুরু করে আসামিকে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করে র্যাব-১৫। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো অভিযানে উখিয়ার কোটবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আঁখি জানিয়েছেন, পারিবারিক কলহের জের ধরেই এই হত্যাকাণ্ড হয়েছে।
গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান আ. ম. ফারুক।


