কক্সবাজারের নয়টি থানায় দায়িত্ব নিয়েছেন নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি)। সোমবার সকালে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় দায়িত্ব নিয়েছেন তারা।
জেলা পুলিশের গণমাধ্যম মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস জানান, সোমবার সন্ধ্যায় থানায় উপস্থিত হয়ে কর্মস্থলে যোগ দেবেন নতুন ওসিরা।
এ সময় পুলিশ সুপার এএনএম. সাজেদুর রহমান সার্বিক দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি নবনিযুক্ত পুলিশ কর্মকর্তাদের দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান।
এর সঙ্গে ভারপ্রাপ্ত কর্মকর্তাদের জনগণের সেবায় আত্মনিয়োগ করার পরামর্শও দেন তিনি।
জেলার নয় থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তারা হলেন উখিয়া থানায় পুলিশ পরিদর্শক নুর মোহাম্মদ, কুতুবদিয়া থানায় পুলিশ পরিদর্শক মাহবুবুল হক, রামু থানায় মনিরুল ইসলাম ভূঁইয়া, ঈদগাঁও থানায় এটিএম শিফাতুল মজুমদার।
এ ছাড়া চকরিয়া থানায় মোহাম্মদ মনির হোসেন, টেকনাফ থানায় মোহাম্মদ সাইফুল ইসলাম, মহেশখালী থানায় মোহাম্মদ মজিবুর রহমান, পেকুয়া থানায় মোহাম্মদ খাইরুল আলম ও কক্সবাজার সদর মডেল থানায় মোহাম্মদ ছমি উদ্দিন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাজমুস সাকিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ সামীম কবীরসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা।


