ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ গায়িকা পারশা মাহজাবিন বগুড়া জিলা স্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন। ফেসবুকে তিনি জানান, শুধু ভোট দেওয়ার জন্যই ঢাকা থেকে দীর্ঘ ১৬ ঘণ্টার যানজট পেরিয়ে বগুড়া পৌঁছান। ভোট প্রদানকে তিনি তার নাগরিক জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন।
ভোট শেষে পারশা লেখেন, এটি কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং গণতন্ত্রের প্রতি একজন সচেতন নাগরিকের প্রত্যক্ষ অঙ্গীকার। ব্যক্তিগত অসুবিধা বা দূরত্ব তার দায়িত্ব পালনের পথে বাধা হতে পারেনি বলেও উল্লেখ করেন তিনি।
ভোটকেন্দ্রে শাড়ি পরে যাওয়ার কথাও জানান এই গায়িকা। তার ভাষ্য, দিনটি তিনি মর্যাদাপূর্ণ গণতান্ত্রিক উৎসব হিসেবে দেখেন। রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশ নেওয়ার মুহূর্তকে সম্মান জানাতেই সেজে ভোটকেন্দ্রে গিয়েছিলেন। সেখানে দাঁড়িয়ে তিনি উপলব্ধি করেছেন, একক ভোটগুলোই সম্মিলিতভাবে জাতির ভবিষ্যৎ নির্ধারণ করে।
আগামী সরকারের কাছে তার প্রত্যাশা—শিক্ষিত, সহনশীল ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ একটি সমাজ। যেখানে মতভেদ থাকবে, বিভাজন নয়; শিল্প-সংস্কৃতি বিকশিত হবে স্বাধীনভাবে এবং সুশাসন, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ রাষ্ট্রচিন্তার কেন্দ্রে থাকবে।


