ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক প্রতিমন্ত্রী মো. রেজাউল করিম নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তিনি এ আসনে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন।
বৃহস্পতিবার বেলা ৩টার দিকে সোনারগাঁ উপজেলার মেঘনা শিল্প এলাকায় সাংবাদিকদের সঙ্গে কথা বলে তিনি এ ঘোষণা দেন।
এর আগে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন রেজাউল করিম। পরে তিনি অভিযোগ করেন, তার পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। পাশাপাশি কয়েকটি কেন্দ্রে জাল ভোট দেওয়ার ঘটনাও ঘটছে বলে দাবি করেন তিনি।
বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় উল্লেখ করে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন এবং সংশ্লিষ্ট আসনে পুনরায় ভোটগ্রহণের দাবি জানান।
এ বিষয়ে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


