ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির জানাজা ঘিরে সড়ক ব্যবহারে নতুন ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শনিবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হাদির জানাজা সম্পন্ন হবে। সেখানে বিপুল সংখ্যক লোক সমাগম হবে ধারণা করে ডিএমপি জানিয়েছে, এসময় মানিক মিয়া অ্যাভিনিউতে যানবাহন চলাচল সীমিত থাকবে। খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে বলেও জানানো হয়েছে।
এসময় বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দিয়েছে ডিএমপি। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
যানবাহন চালকদের জানাজা ও দাফন সম্পন্ন না হওয়া পর্যন্ত মানিক মিয়া এভিনিউ এলাকা পরিহার করে বিকল্প পথে চলাচল করতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
তাছাড়া নিরাপত্তার স্বার্থে ও বিড়ম্বনা এড়াতে জানাজায় আগত সর্বসাধারণকে কোন প্রকার ব্যাগ বা ভারি জিনিসপত্র বহন না করারও অনুরোধ জানিয়েছে ডিএমপি।
শনিবার বেলা দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওসমান হাদির মৃত্যু হয়।
গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। পাশের একটি চলন্ত মোটরসাইকেল থেকে অটোরিকশায় থাকা হাদিকে গুলি করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর তাকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সোমবার নেওয়া হয় সিঙ্গাপুরে। তার মৃত্যুর পর শুক্রবার সন্ধ্যায় তার মরদেহ বহনকারী বিমানটি দেশে এসে পৌঁছায়।


