জাতীয় ঐকমত্য কমিশনের ‘উদ্দেশ্য’ সম্পর্কে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অবগত নয় বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, ‘কমিশনের উদ্দেশ্য ছিল ঐকমত্য প্রতিষ্ঠা করা। অথচ এখন জাতীয় ঐকমত্য কমিশন যে প্রস্তাব দিয়েছে এতে জাতিতে বিভক্তি হবে, অনৈক্য হবে, কোনো ঐকমত্য হবে না। তাদের উদ্দেশ্য কী আমরা জানি না। এর মাধ্যমে তারা কী অর্জন করতে চায় আমরা জানি না।’
বুধবার হোটেল লেকশোরে এক সেমিনারে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
জাতীয় ঐকমত্য কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে বিএনপি হতাশ জানিয়ে এই নেতা বলেন, ‘১৭ অক্টোবর যে দলিলে স্বাক্ষর হয়েছে সেই বিষয়গুলো জুলাই সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশে পুরোপুরি নাই। ৪৮ দফার ওপর গণভোট করা হবে বলে বলা হলেও, সেই আলাপ তো আমাদের সঙ্গে হয়নি।’
তিনি প্রশ্ন করে বলেন, ‘এতদিন তাহলে কেন এত আলোচনা, এত কসরত করা হলো। প্রস্তাব ছিল, যেগুলো ঐকমত্য হবে সেগুলো বাস্তবায়ন হবে। জুলাই সনদে যেটা স্বাক্ষর হয়েছে সেটা নাই, কমিশন ও দুই-একটি দল যে প্রস্তাব দিয়েছে সেগুলো আছে।’
সালাহউদ্দিন আরও বলেন, ‘আরপিও এবং জোটের প্রতীক নিয়েও যা হচ্ছে তা পক্ষপাতমূলক আচরণ। জোটবদ্ধ যেকোনো রাজনৈতিক দলের স্বাধীনতা ছিল নিজস্ব প্রতীকে বা জোটের যেকোনো প্রতীকে নির্বাচন করতে পারবে। হঠাৎ তারা একটা অগণতান্ত্রিক পদ্ধতিতে বলে দিলো জোটবদ্ধ হলেও তাদের নিজস্ব প্রতীকে নির্বাচন করতে হবে।’
বর্তমান সরকার তত্ত্বাবধায়ক সরকারের মতো নিরপেক্ষ ভূমিকা রেখে কাজ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।


