ঢাকার মিরপুর-২ নম্বরে অবস্থিত এলএ প্লাজা নামের একটি বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় অনেককে বিভিন্ন তলা থেকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে দুইজনকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) আহসান সোহেল রাতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মধ্যে একজনের নাম রাকিব হাসান। নিহত অপর নারী ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, ভবনের তৃতীয় তলায় অবস্থিত একটি স্পা সেন্টার থেকে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পেয়ে প্রথমে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও দুটি ইউনিট যোগ দেয়। তাদের সম্মিলিত প্রচেষ্টায় বিকেল ৩টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং বিকেল ৪টা ৩৫ মিনিটে আগুন পুরোপুরি নিভে যায়।
এলএ প্লাজা একটি ১১ তলা বাণিজ্যিক ভবন। ভবনের তৃতীয় তলায় আগুন লাগার পর আতঙ্কে ভেতরে থাকা অনেকেই ছাদে উঠে যান। এ ছাড়া বিভিন্ন তলায় বেশ কয়েকজন আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা অনেককে উদ্ধার করেন। এ দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে।


