প্রাতিষ্ঠানিক সংস্কারের ধারাবাহিকতায় বিটিভিকে স্বায়ত্তশাসন দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। তিনি বলেন, ‘এখন থেকে বিটিভি হবে সবার, সব দলের এবং সব মানুষের।’
বৃহস্পতিবার তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত ‘নতুন কুঁড়ি ২০২৫’ প্রতিযোগিতায় বিজয়ী শিশু শিল্পীদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
বিটিভি নিয়ে পরিকল্পনার কথা তুলে ধরে মাহফুজ আলম বলেন, ‘বিটিভি যাতে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব করতে পারে সেজন্য বিটিভিকে নতুন করে গড়ে তোলা হচ্ছে। বিটিভি যাতে কোনো দলের রাজনৈতিক শক্তির স্বার্থের হাতিয়ার না হয়ে ওঠে সেই চেষ্টা আমরা করে যাচ্ছি।’
এ সময় বিটিভিতে নতুন করে আরও রিয়েলিটি শো এবং ভিন্ন বয়স ও পটভূমির প্রতিযোগীদের নিয়ে নতুন নতুন অনুষ্ঠান চালু হওয়ার কথা জানান তিনি। এর সঙ্গে পরবর্তী সময়ে এসব অনুষ্ঠান অব্যাহত থাকবে বলেও আশার কথা জানান।
‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় বিজয়ীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘নতুন কুঁড়িদের প্রতিভা, নিষ্ঠা ও উদ্ভাবনী শক্তি আমাদের সবাইকে অনুপ্রাণিত করে। এটি শুধু একটি সাংস্কৃতিক প্রতিযোগিতা নয়, বরং এটি তরুণ প্রজন্মের জন্য, নতুন বাংলাদেশের জন্য একটি নতুন দিগন্ত।’
এ প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোর ও তরুণরাই নতুন বাংলাদেশের পতাকাকে বহন করবে এবং নিজের প্রতিভা ও পরিশ্রম দিয়ে দেশের সংস্কৃতি, সমাজ ও সভ্যতাকে এগিয়ে নিয়ে যাবে বলে মন্তব্য করেন উপদেষ্টা। এ সময় নতুন কুঁড়িদের সৃজনশীল যাত্রা অব্যাহত রাখার আহ্বানও জানান তিনি।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে আরও ছিলেন- সরকারের উপদেষ্টাবৃন্দ, সচিববৃন্দ, সরকারি কর্মকর্তা, সাংবাদিক এবং ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় বিজয়ী শিশু শিল্পী ও তাদের অভিভাবকরা।


