আরও ৫ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত

আরও ৫ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত
Advertisement
Advertisement

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে সরকার নির্ধারিত ফির চেয়ে পাঁচ গুণ বেশি অর্থ আদায়ের অভিযোগে আরও পাঁচ রিক্রুটিং এজেন্সির ২৬ জনের বিরুদ্ধে পাঁচটি মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ১৮ হাজার ৭৬৭ জন কর্মীর কাছ থেকে সরকার নির্ধারিত ৭৮ হাজার ৯৯০ টাকার পরিবর্তে পাঁচ গুণ বেশি অর্থ আদায় করেছে এসব প্রতিষ্ঠান।

নতুন এই মামলায় ৩১৪ কোটি ৩৪ লাখ ৭২ হাজার ৫০০ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগ আনা হয়েছে।

২০১৮ সালে অনিয়মের কারণে মালয়েশিয়া বাংলাদেশ থেকে জনশক্তি নেওয়া বন্ধ করে দেয়। পরে ২০২১ সালের ১৯ ডিসেম্বর দুই দেশের মধ্যে নতুন চুক্তি হলে আবার শ্রমিক পাঠানো শুরু হয়। তখন সরকার সর্বোচ্চ ৭৮ হাজার ৫৪০ টাকা ফি নির্ধারণ করে দেয় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। কিন্তু অভিযোগ ওঠে এসব রিক্রুটিং এজেন্সি শর্ত ভেঙে পাঁচ গুণ পর্যন্ত অতিরিক্ত অর্থ আদায় করে মালয়েশিয়াগামী শ্রমিকদের কাছ থেকে।

আরও পড়ুন

দুদক জানায়, নতুন অনুমোদিত পাঁচ মামলার মধ্যে জিএমজি ট্রেডিং প্রাইভেট লিমিটেডের ২ হাজার ৮৩০ জন কর্মীর কাছ থেকে ৪৭ কোটি ৪০ লাখ ২৫ হাজার টাকা অতিরিক্ত আদায়ের অভিযোগে চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা অন্যদিকে দ্য জিএমজি ট্রেডিং অ্যাসোসিয়েট ৩ হাজার ২৩৯ জন কর্মীর কাছ থেকে ৫৪ কোটি ২৫ লাখ ৩২ হাজার টাকা আদায়ের অভিযোগে চেয়ারম্যান, পরিচালকসহ ৭ জন আসামি করে মামলা করার সিদ্ধান্ত হয়েছে।

কিউকে কুইক এক্সপ্রেস লিমিটেড ২ হাজার ২৭৫ জন কর্মীর কাছ থেকে ৭১ কোটি ৬০ লাখ ৬২ হাজার ৫০০ টাকা অতিরিক্ত আদায়ের অভিযোগে ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যানসহ ৭ জনের বিরুদ্ধে মামলা এবং এমই এফ গ্লোবাল বাংলাদেশ ৪ হাজার ৫৬৬ জন কর্মীর কাছ থেকে ৭৬ কোটি ৪৮ লাখ ৫ হাজার টাকা আদায়ের অভিযোগে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যানসহ ৩ জনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত হয়েছে।

অন্যদিকে, এমই এফ গ্লোবাল বাংলাদেশ ৩ হাজার ৮৫৭ জন কর্মীর কাছ থেকে ৬৪ কোটি ৬০ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা অতিরিক্ত আদায়ের অভিযোগে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যানসহ ৩ জনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত হয়েছে।

এর আগে, ১১ নভেম্বর চারটি রিক্রুটিং এজেন্সির পাঁচজনের বিরুদ্ধে মামলা করে দুদক। একই অভিযোগে ৬ নভেম্বর ছয় এজেন্সির ১১ জন এবং ১৪ সেপ্টেম্বর ১৩ এজেন্সির কর্তা ব্যক্তিদের বিরুদ্ধেও মামলা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad