ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এ পর্যন্ত এক লাখ ৯৪ হাজার ৫৬৯ জন প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন।
শনিবার বেলা ৩টা ৬মিনিট পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা গেছে।
ওয়েবসাইটের তথ্য অনুযায়ী ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত নিবন্ধনকারীদের মধ্যে এক লাখ ৭৫ হাজার ৬২১ জন পুরুষ ও ১৮ হাজার ৯৯৮ জন নারী রয়েছেন। নিবন্ধন অনুমোদনের অপেক্ষায় আছেন ৩৫২ জন।
দেশভিত্তিক নিবন্ধনের মধ্যে সৌদি আরবের ৩৮ হাজার ৩৭৬ জন এবং যুক্তরাষ্ট্রের ১৯ হাজার ২৭৫ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন।
আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
এর আগে, ১৮ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধন প্রক্রিয়া বিশ্বের সব দেশের জন্য উন্মুক্ত রাখা হয়।
পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সময় সঠিক ঠিকানা দেওয়ার জন্য প্রবাসী বাংলাদেশিদের অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।


