এবার ৭৭তম এমি অ্যাওয়ার্সের আসর বসে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের পিকক থিয়েটারে। জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঘোষণা করা হয় সম্মানজনক এই পুরস্কার বিজয়ীদের নাম।
এবারের আসরে নাটক, কমেডি ও সিরিজ বিভাগে পুরস্কার জিতে নিয়েছে বেশ কিছু জনপ্রিয় অনুষ্ঠান ও তারকা। বিজয়ীদের নিয়ে চলছে আলোচনা। এমি অ্যাওয়ার্ডসের আসরটি সরাসরি সম্প্রচার করা হয় সিবিএসে, এছাড়া স্ট্রিমিং করা হয় প্যারামাউন্ট প্লাসে।
এবার প্রতিযোগিতায় থাকা জনপ্রিয় শোগুলোকে পেছনে ফেলে সেরা ড্রামা সিরিজের পুরস্কার জিতে নেয় ‘দ্য পিট’। এ সিরিজের অভিনেতা ‘নোয়া ওয়াইল’ পেয়েছেন সেরা অভিনেতার সম্মান, আর পার্শ্ব অভিনেত্রী হিসেবে চমক দেখিয়েছেন ‘ক্যাথরিন লানাসা’। ‘সেভারেন্স’-এর ‘ট্রামেল টিলম্যান’ হয়েছেন সেরা পার্শ্ব অভিনেতা এবং সহ-অভিনেত্রী ‘ব্রিট লোয়ার’ সেরা অভিনেত্রী।
কমেডি সিরিজের সেরা হয়েছে ‘দ্য স্টুডিও’। এই সিরিজে দুর্দান্ত অভিনয়ের জন্য সেথ রোজেন সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন। তার সহকর্মী ইভান গোল্ডবার্গ জিতেছেন সেরা পরিচালক ও সেরা চিত্রনাট্যকারের পুরস্কার। ‘হ্যাকস’-এ দারুণ অভিনয়ের জন্য জিন স্মার্ট হয়েছেন সেরা অভিনেত্রী এবং তার সহ-অভিনেত্রী হানাহ আইনবিন্ডার পেয়েছেন সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার। ‘সামবডি সামহোয়্যার’-এর জেফ হিলার সেরা পার্শ্ব অভিনেতা হয়ে সবাইকে চমকে দিয়েছেন।
সেরা লিমিটেড বা অ্যান্থোলজি সিরিজ বিভাগে ‘অ্যাডোলেসেন্স’ বাজিমাত করেছে। সিরিজটি জিতেছে সেরা সিরিজের তকমা। এছাড়া সেরা অভিনেতা ‘স্টিফেন গ্রাহাম’, পার্শ্ব অভিনেতা ‘ওয়েন কুপার’, পার্শ্ব অভিনেত্রী ‘এরিন ডোহার্টি’, পরিচালক ‘ফিলিপ বারান্টিনি’ ও চিত্রনাট্যকারের পুরস্কারও জিতেছে সিরিজটি।
অন্যান্য বিভাগের মধ্যে- টক শোতে ‘দ্য লেট শো উইথ স্টিফেন কোলবার্ট’, রিয়েলিটি প্রতিযোগিতায় ‘দ্য ট্রেইটর্স’, স্ক্রিপটেড ভ্যারাইটি সিরিজে ‘লাস্ট উইক টুনাইট উইথ জন অলিভার’, লাইভ ভ্যারাইটি স্পেশালে ‘এসএনএল৫০: দ্য অ্যানিভার্সারি স্পেশাল’, ড্রামা সিরিজের জন্য সেরা লেখক হিসেবে ড্যান গিলরয় ‘অ্যান্ডর’, ড্রামা সিরিজের জন্য সেরা পরিচালক হিসেবে অ্যাডাম র্যান্ডাল এর ‘স্লো হর্সেস’, ‘দ্য পেঙ্গুইন’ এ দুর্দান্ত অভিনয়ের জন্য ‘ক্রিস্টিন মিলিওটি’ লিমিটেড সিরিজের সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন।
চলতি বছর এমি অ্যাওয়ার্ডসের সঞ্চালক ছিলেন নেট বার্গাটজে। টেলিভিশন ইন্ডাস্ট্রিকে নিয়ে নানা হাস্যরসের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি টেনে নিয়ে যান তিনি। অনুষ্ঠানটি শুরু হয় একটি কৌতুক নাটকের মাধ্যমে।
যেখানে ‘স্যাটারডে নাইট লাইভ’ তারকা মিকি ডে, বোয়েন ইয়াং ও জেমস অস্টিন জনসনের সঙ্গে বার্গাটজে হাজির হন টেলিভিশনের উদ্ভাবক ফিলো ফার্নসওয়ার্থন এর চরিত্রে। সেখানে তিনি ভবিষ্যতের টেলিভিশন কেমন হবে তা নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেন যেমন ‘বিশ্বের সেরা শিল্পীরা দারুণ সব গল্প তৈরি করবেন, যেগুলো মানুষ টয়লেটে বসে মোবাইলে দেখবে।’
অনুষ্ঠানে প্রয়াত অভিনেতা ম্যালকম-জামাল ওয়ার্নারকে শ্রদ্ধা জানিয়ে ‘ইন মেমোরিয়াম’ পর্বের সূচনা করেন তার সহ-অভিনেত্রী ফেলিসিয়া রাশাদ। এছাড়া টেড ড্যানসন ও মেরি স্টিনবারজেন গ্রহণ করেন বব হোপ হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড।


