হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম ইনিংস ১৪০ রানে গুটিয়ে যাওয়ার পর দ্বিতীয় দিনের শেষ বিকেলে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। তাইজুল ইসলামের ঘূর্ণি জাদুতে জিম্বাবুয়েকে থামিয়েছে ৪১০ রানে। এই বাঁহাতি স্পিনার একাই নিয়েছেন ৭ উইকেট। যদিও ইনোসেন্ট কাইয়ার সেঞ্চুরি ও ব্রায়ান বেনেট, ক্রেইগ আরভিন ও ওয়েসলে মাধেভেরের ফিফটিতে তাদের লিড দাঁড়িয়েছে ২৭০।
৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনের খেলা শুরু করা জিম্বাবুয়ে দিনের শুরুতে ব্রেন্ডন টেলরের উইকেট হারালেও কাইয়ার ১৪০ রানের দুর্দান্ত ইনিংসে নিয়ন্ত্রণ নেয় জিম্বাবুয়ে। তৃতীয় উইকেটে বেনেটের সাথে কাইয়া গড়েন ১০৭ রানের জুটি। যদিও বেনেটকে ফিরতি ক্যাচে আউট করে সেই জুটি ভাঙেন তাইজুল। তার স্পিনেই ফিরেছেন সেঞ্চুরিয়ান কাইয়া। ফিফটি করা আরভিন তাকে সুইপ করতে গিয়ে ব্যক্তিগত ৬০ রানে ফাইন লেগে হাসান মাহমুদের হাতে ক্যাচ দেন। ৪ রান করা ব্র্যাড ইভান্স হয়েছেন এলবিডব্লিউ।
ক্যারিয়ারের ১৯-তম ফাইফার নিশ্চিত করেন নিউম্যান ন্যামহুরিকে তাওহিদ হৃদয়ের হাতে ক্যাচ দিতে বাধ্য করে। সেই উইকেট পেয়েই হয়ে যান বাংলাদেশের ইতিহাসের যুগ্ম সর্বোচ্চবার ইনিংসে পাঁচ উইকেট নেয়া বোলার, এই তালিকায় আগে থেকেই ছিলেন সাকিব আল হাসান। অবশ্য পাঁচ উইকেট নিয়েই থামেননি তিনি, জিম্বাবুয়ের লিড ৩০০ ছোঁয়ার আগেই তুলে নেন এনগারাভা ও ব্লেসিং মুজারাবানির উইকেট।
সব মিলিয়ে পেসারদের জন্য সহায়ক উইকেটে তাইজুল নিজের বোলিং শেষ করেছেন ৪০.২-১-১৩৮-৭ ফিগার নিয়ে। ইনিংসের বাকি দুই উইকেট নিয়েছেন পেসার খালেদ আহমেদ আর একটি হয়েছে রান আউট।


