মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি পিকআপ, চারটি রামদা, দুটি কাটার ও একটি হাসুয়া উদ্ধার করা হয়েছে।
সোমবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক মানবেন্দ্র বালো।
গ্রেপ্তারকৃত হলেন—যশোরের আবুল হোসেন (৪০), গাজীপুরের এরশাদ ওরফে এরশাদুল (৪৩), রাজবাড়ীর হামিদুল বিশ্বাস (৩৭), ঝিনাইদহের আবুল কালাম (২৬) এবং নওগাঁর শাহাবুর রহমান ওরফে শাকিল (৩১)। তারা বর্তমানে গাজীপুর ও ঢাকার বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ১২টার পর শিবালয় উপজেলার ধুতরাবাড়ি এলাকার পাটুরিয়া ৪ নম্বর ফেরিঘাটে অভিযান চালানো হয়। সেখানে একটি পিকআপে কয়েকজন ব্যক্তি ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে ডিবির একটি দল ঘটনাস্থলে যায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকআপচালক পালানোর চেষ্টা করলে গাড়িটি ডিবির মাইক্রোবাসসহ সড়কে থাকা কয়েকটি যানবাহনকে ধাক্কা দেয়। পরে ফেরিতে ওঠার সময় ৪ নম্বর ফেরিঘাটের পন্টুনে পিকআপটি আটকে যায়। এ সময় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তবে তাদের সঙ্গে থাকা আরও দুই থেকে তিনজন পালিয়ে যায়।
তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পিকআপটির চালকের আসনের নিচ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত চারটি রামদা, দুটি কাটার ও একটি হাসুয়া উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার আবুল হোসেনের বিরুদ্ধে দুটি এবং এরশাদুল, হামিদুল বিশ্বাস ও আবুল কালামের বিরুদ্ধে একটি করে চুরি, ডাকাতির প্রস্তুতিসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক মানবেন্দ্র বালো বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে শিবালয় থানায় মামলা করা হয়েছে।


