চুয়াডাঙ্গার জীবননগরে খালে ভাসমান অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি গত আটদিন ধরে নিখোঁজ ছিলেন বলে জানা গেছে। ওই ব্যক্তির নাম-শিমুল (৪০)।
পুলিশ জানায়, শনিবার সকাল ১০টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের কালা গ্রামের একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শিমুল মনোহরপুর ইউনিয়নের ধোপাখালি গ্রামের খলিলুর রহমানের ছেলে।
নিহতের পরিবার জানায়, প্রায় সাত থেকে আট দিন আগে তিনি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এরপর থেকে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন সকালে খালে কচুরিপানার মধ্যে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।


