এমপি আবদুল আজিজের ভিডিও নিয়ে বিতর্ক, এআই দিয়ে তৈরির দাবি

এমপি আবদুল আজিজের ভিডিও নিয়ে বিতর্ক, এআই দিয়ে তৈরির দাবি
নাটোর-৪ আসনের সংসদ সদস্য আবদুল আজিজ। ছবি: বাসস
Advertisement
Advertisement

নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল আজিজের অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বুধবার সকাল থেকে ভিডিওটি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। এর সত্যতা যাচাইয়ে তদন্ত কমিটি গঠন করেছে নাটোর জেলা বিএনপি। তবে ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে দাবি করেছে গুরুদাসপুর উপজেলা বিএনপি।

এর আগে গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিলকে কুপিয়ে হত্যার মামলায় আবদুল আজিজের বড় ছেলে নুরুজ্জামান মিন্টুকে সোমবার আটক করা হয়। মঙ্গলবার বিকালে তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এসব ঘটনার মধ্যে বুধবার সকালে সংসদ সদস্যের একটি ভিডিও ছড়িয়ে পড়ে।

ভিডিওটি ভুয়া দাবি করে বুধবার বিকালে সংবাদ সম্মেলন করে গুরুদাসপুর উপজেলা বিএনপি। উপজেলার ধারাবারিষা ইউনিয়নের নয়াবাজার এলাকায় দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়। এতে লিখিত বক্তব্য পড়ে শোনান উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী।

লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আবদুল আজিজকে ব্যক্তিগতভাবে হেয় করতে ‘আশফাক আহমেদ’ নামের একটি ফেসবুক আইডি থেকে ভিডিওটি ছড়ানো হয়েছে। ভিডিওতে এক নারীর কণ্ঠও শোনা যায়। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে দাবি করেন তিনি।

আরও পড়ুন

মোহাম্মদ আলী বলেন, ভিডিওটি ছড়ানোর ঘটনায় তীব্র প্রতিবাদ জানাচ্ছে উপজেলা বিএনপি। এর প্রচারকারীদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সংবাদ সম্মেলনে উপজেলা ও ইউনিয়ন বিএনপির শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ফেসবুকে ছড়িয়ে পড়া প্রায় ৯ মিনিটের ভিডিওতে সংসদ সদস্য আবদুল আজিজকে এক নারীর সঙ্গে ভিডিও কলে অন্তরঙ্গ অবস্থায় কথা বলতে দেখা যায় বলে দাবি করা হয়েছে। কথোপকথনে যৌন সম্পর্ক নিয়ে স্পর্শকাতর কথাবার্তাও রয়েছে। তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। এ বিষয়ে সংসদ সদস্য আবদুল আজিজের বক্তব্য পাওয়া যায়নি।

জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ বলেন, আবদুল আজিজের নৈতিক স্খলন-সংশ্লিষ্ট ভিডিওটি দলের নজরে এসেছে। এর সত্যতা যাচাইয়ে তদন্ত চলছে। আগামী শুক্রবার জেলা বিএনপির জরুরি সভা ডাকা হয়েছে। ভিডিওটি সত্য প্রমাণিত হলে ওই সভায় গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় যুবদল ও ছাত্রদলের একাধিক সূত্র জানায়, ছাত্রদল নেতা শাকিল হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আবদুল আজিজের ছেলে মিন্টুকে যুবদলের যুগ্ম সম্পাদকের পদ থেকে মঙ্গলবার বহিষ্কার করা হয়েছে।

সূত্রগুলো আরও জানায়, মঙ্গলবার রাত ১০টার দিকে গুরুদাসপুরের শহীদ শামসুজ্জোহা কলেজ মাঠে শাকিলের দ্বিতীয় জানাজা হয়। এরপর সংসদ সদস্যের ছেলে মিন্টুর ঘনিষ্ঠ আমেরিকাপ্রবাসী রাসেলের একটি শপিং মলে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad