ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত করতে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে মিথ্যা ও বানোয়াট অভিযোগ ছড়াচ্ছেন বলে দাবি করেছেন বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীন।
তার অভিযোগ, নির্বাচনে ধানের শীষের পক্ষে গণজোয়ার দেখে প্রতিপক্ষ নানা অপপ্রচার ও উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করছে।
বুধবার রাতে ৯টা ১৫ মিনিটের দিকে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি।
মির্জা ফয়সল আমীন বলেন, নির্বাচনী প্রচারের শুরু থেকেই জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও তার নেতাকর্মীরা ব্যক্তিগত আক্রমণ, অশ্লীল ও উসকানিমূলক বক্তব্য এবং হুমকি-ধমকি দিয়ে আসছেন। রংপুরে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ থেকেও ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার বক্তব্য দেওয়া হয়েছে।
তিনি অভিযোগ করেন, নির্বাচনকে বিতর্কিত করার উদ্দেশ্যে প্রতিপক্ষ পরিকল্পিতভাবে একের পর এক মিথ্যা অভিযোগ রিটার্নিং কর্মকর্তা এবং নির্বাচনী অনুসন্ধান ও তদন্ত কমিটির কাছে জমা দিয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছিল। তবে যথাযথ জবাব ও তদন্তের মাধ্যমে অভিযোগগুলো মিথ্যা প্রমাণিত হয়েছে বলে দাবি করেন তিনি।
বিএনপির এই প্রার্থী বলেন, সাধারণত উপনির্বাচনে ভোটারদের উপস্থিতি তুলনামূলক কম হলেও ঠাকুরগাঁও-১ আসনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রম এবং ঠাকুরগাঁওয়ে গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের কারণে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে প্রতিপক্ষ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে।
জামায়াত প্রার্থীর বিরুদ্ধে প্রকাশ্যে চোখ উপড়ে ফেলা ও হাত ভেঙে দেওয়ার মতো হুমকিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগও করেন ফয়সল আমীন। তিনি বলেন, একজন প্রার্থী কীভাবে জনসমক্ষে এমন বক্তব্য দিতে পারেন, তা বোধগম্য নয়।
এ ছাড়া হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও আদিবাসী সম্প্রদায়ের ভোটারদের ভোটকেন্দ্রে না যাওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এসব ঘটনায় প্রমাণসহ রিটার্নিং কর্মকর্তার কাছে একাধিক অভিযোগ করেও কোনো সুরাহা পাননি বলে দাবি করেন বিএনপির প্রার্থী।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, সব শ্রেণি-পেশা ও ধর্মের ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভোটারদের সব ধরনের হুমকি উপেক্ষা করে নির্ভয়ে কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
একই সঙ্গে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার এবং সাংবাদিকদের নিরপেক্ষ সংবাদ প্রকাশের অনুরোধ জানান।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফয়সল আমীন বলেন, যেকোনো নির্বাচনেই প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ থাকে। তবে এবারের নির্বাচনে প্রতিপক্ষের অভিযোগগুলো ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত। বিপরীতে নিজেদের উত্থাপিত অভিযোগগুলো সুনির্দিষ্ট বলে দাবি করেন তিনি।


