একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেয়।
শাহরিয়ার কবিরকে আগামী ১২ জানুয়ারি ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়েছে।
জুলাই অভ্যুত্থানের পর গত বছরের ১৭ সেপ্টেম্বর রাতে ঢাকার বনানী এলাকা থেকে আটক করা হয় শাহরিয়ার কবিরকে। এরপর আন্দোলনের সময়ের ঘটনায় করা বেশ কয়েকটি মামলায় তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ।
তখন থেকেই তিনি কারাগারে রয়েছেন।
মুক্তিযুদ্ধ নিয়ে লেখালেখির পাশপাশি শাহরিয়ার কবির একজন শিশুসাহিত্যিকও। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি গঠনে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। ১৯৯৪ সালে শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুর পর তিনি কমিটির সভাপতি হন।
২০২৪ সাল পর্যন্ত সংগঠনটির সভাপতির দায়িত্ব পালন করেন। সবশেষ তিনি উপদেষ্টামণ্ডলীর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।


