অপু বিশ্বাস কামব্যাক করার জন্য বেশ ভালোভাবেই চেষ্টা চালাচ্ছেন। সে চেষ্টার অংশ হিসেবে তিনি আব্দুন নূর সজলের সঙ্গে নতুন ছবিতে চুক্তিবদ্ধ হলেন। কামরুল হাসান ফুয়াদের পরিচালনায় ছবির নাম ‘দুর্বার’।
মার্ডার মিস্ট্রি থ্রিলার গল্পের এ সিনেমাটিতে থাকবে রোমান্স এবং ড্রামার মিশেল। আবদুল্লাহ জহির বাবুর গল্প ও চিত্রনাট্যে এতে আরও অভিনয় করছেন জান্নাতুল নূর মুন, সানজু জন। ১৬ ডিসেম্বর থেকে ছবির শুটিং শুরু হবে। তবে শুটিং শুরুর আগে ১৪ ডিসেম্বর আনুষ্ঠানিক ফটোশুটে অংশ নেওয়ার কথা আছে তাদের।
ছবির পরিচালক বলেন, ‘মার্ডার মিস্ট্রি থ্রিলার গল্প, সঙ্গে রোমান্স তো থাকবেই। এরকম একটা গল্প চুজ করেছি যেটা প্রেক্ষাগৃহের দর্শক এবং ওটিটির, সবারই পছন্দ হয়। এখন প্রি-প্রোডাকশন চলছে, একইসঙ্গে চলছে রিহার্সেল। সবকিছু ঠিক থাকলে ১৬ ডিসেম্বর থেকে শুটিং শুরুর প্ল্যান।
সজল এবং অপু বিশ্বাসকে জুটি করার পরিকল্পনা কোন ভাবনা থেকে, এমন প্রশ্নে কামরুল হাসান ফুয়াদ বলেন, ‘এখন পর্যন্ত অনেকগুলো ফিকশন, বিজ্ঞাপন নির্মাণ করেছি। আমার প্রথম ফিকশনের নায়ক ছিলেন সজল ভাই। তার অভিনয় কিংবা পারফররম্যান্স নিয়ে তো কোনো সন্দেহ নেই। সেই জায়গা থেকে নিজের প্রথম সিনেমাটা তার সঙ্গেই করার ইচ্ছে ছিল। এছাড়া যেহেতু প্রেক্ষাগৃহের জন্য সিনেমাটা, আরও একজন পারফর্মার প্রয়োজন ছিল।সেদিক থেকে অপু দি নিঃসন্দেহে দারুণ। তাকে গল্প শোনানোর পর তিনি সেটি পছন্দ করেন।’
ঢাকা ছাড়াও সিনেমাটির শুটিং হবে রাজশাহী এবং নেপালে। ছবিতে তিনটি গান থাকবে। গানগুলো গাইবে ইমরান মাহমুদুল, কনা, বেলাল খান। সবকিছু ঠিক থাকলে ছবিটি আগামী বছরের ঈদুল ফিতরে মুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানান পরিচালক।
কামরুল হাসান ফুয়াদ গেল বছর প্রার্থনা ফারদিন দীঘিকে নিয়ে ‘দেয়াল’ এবং চলতি বছরের মাঝামাঝিতে নিরবকে নিয়ে ‘দেশ’-এর ঘোষণা দেন তিনি। ‘দুর্বার’ শেষ করে ছবি দুটির শুটিং শেষ করবেন
অন্যদিকে আব্দুন নূর সজল কিছুদিন আগেই শেষ করেছেন রাশেদা আক্তার লাজুকের ‘শাপলা শালুক’ সিনেমার শুটিং। এখনো ছবির গানের শুটিং বাকি। সবকিছু ঠিক থাকলে এ ছবিটিও আসছে ঈদুল ফিতরে মুক্তি পেতে পারে। বন্ধন বিশ্বাসের পরিচালনায় ‘সিক্রেট’ নামে আরেক সিনেমায় অভিনয় করবেন অপু বিশ্বাস। এতে অপুর নায়ক আদর আজাদ।


