চলতি বছরের জুনে অনুষ্ঠিত হতে যাওয়া ফুটবল বিশ্বকাপে খেলবে না ইরান।
দেশটির ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী আহমাদ দনিয়ামালি বলেছেন, তার দেশের জাতীয় ফুটবল দল ২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণ করার মতো অবস্থানে নেই।
মঙ্গলবার আইআরআইবি স্পোর্টস নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে মন্ত্রী বলেন, ‘যেহেতু যুক্তরাষ্ট্রের সরকার আমাদের নেতাকে হত্যা করেছে, তাই কোনো অবস্থাতেই বিশ্বকাপে অংশগ্রহণের মতো উপযুক্ত পরিস্থিতি আমাদের নেই।’
‘আমাদের ছেলেরা নিরাপদ নয় এবং অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতিও বিদ্যমান নেই।’
দনিয়ামালি আরও বলেন, ‘গত আট-নয় মাসে আমাদের ওপর দুটি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে এবং আমাদের কয়েক হাজার মানুষ নিহত ও শহীদ হয়েছেন। তাই, আমাদের পক্ষে অংশগ্রহণ করা নিশ্চিতভাবেই অসম্ভব।’
ইরানের ফুটবল ফেডারেশনের প্রধানও গতকাল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন, যদিও তার যুক্তি ছিল ভিন্ন।
বুধবার সকালেই ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আশা প্রকাশ করে বলেছিলেন যে, চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ইরান ফুটবল দল যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপে অংশ নিতে পারবে।
ফিফার র্যাংকিংয়ে বিশ্বের দেশগুলোর মধ্যে ইরানের অবস্থান ২০তম। দেশটির ফুটবল দল এশিয়ার সেরা দলগুলোর মধ্যে অন্যতম। তিনবার এশিয়ার কাপ জয়ের রেকর্ড রয়েছে ইরানের।


