দেখতে দেখতে দরজায় কড়া নাড়ছে ঈদ, রোজা প্রায় শেষ হতে চলেছে। ঘরকন্নায় যারা ব্যস্ত, তাদের মন ব্যস্ত ঈদের রেসিপির খোঁজে। কী রান্না করলে প্রিয়জনরা খুশি হবেন কিংবা কোন আইটেমটি বানালে ঈদের টেবিল হবে পরিপূর্ণ; চলছে তারই যাচাইবাছাই।
তাই আপনাদের জন্য নিয়ে এলাম খুবই সহজ কিন্তু মজাদার একটি মিষ্টির রেসিপি।
উপকরণ এবং প্রস্তুত প্রণালী ধাপে ধাপে লেখা রইল:
এক কাপ স্বাভাবিক তাপমাত্রার তরল দুধ (আমি ইউএইচটি মিল্ক নিয়েছি)
এক কাপ ফুলক্রিম গুঁড়ো দুধ
এক টেবিল চামচ ঘি
দুই টেবিল চামচ সুজি
এই সবকিছু একটা কড়াইতে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন কোনো দলা না থাকে। এবার চুলা জ্বালাতে হবে, আঁচ থাকবে মাঝারি। অনবরত নেড়ে পুরো জিনিসটাকে হালুয়ার মতো থকথকে করতে হবে। কড়াই থেকে মিশ্রণটা ছেড়ে দিলে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করতে হবে।
এবার লাগবে
তিন টেবিল চামচ ময়দা
আধা চা চামচ বেকিং পাউডার
সামান্য তরল দুধ
সামান্য ঘি
এই ধাপের সবকিছু মূল ডো এর সঙ্গে মাখাতে হবে। মসৃণ একটা ডো হবে, যেটা স্টিকি হবে না বা হাতে লাগবে না। এরপর হাতে সামান্য ঘি মেখে নিয়ে এই ডো থেকে ছোট ছোট বল বানাতে হবে। বলগুলো মারবেলের চেয়ে একটু বড় সাইজ হবে।
এখন সিরার প্রস্তুতি। সেজন্য লাগবে
দেড় কাপ চিনি
দেড় কাপ পানি
তিনটি ছোট এলাচ
এক চিমটি লবন
সব উপকরণ জ্বাল দিয়ে সিরা করে নিতে হবে। এক তার বা দুই তার এমন কিছু না, চিনি গলে গিয়ে হালকা চটচটে হলেই চুলা বন্ধ করে দিয়ে ঢেকে রাখতে হবে।
এখন ডুবো তেলে মাঝারি আঁচে সময় নিয়ে মিষ্টিগুলো বাদামি করে ভাজতে হবে। মাঝে মাঝে নেড়ে দিতে হবে যেন সবদিকে সমান রঙ হয়। মিষ্টি ভাজতে ৮/১০ মিনিট সময় লাগবে। অবশ্যই মাঝারি আঁচে ভাজতে হবে। তা নাহলে বাইরে রং হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা রয়ে যাবে।
বেশ সুন্দর রঙ হলে তেল থেকে তুলে গরম সিরার মধ্যে দিয়ে দিতে হবে।
সব মিষ্টি ভাজা হতে হতে সিরাটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে মিষ্টিগুলো দিয়ে একটু গরম করে নিয়ে চুলা বন্ধ করে ঢেকে রাখতে হবে অন্তত আধঘণ্টা।
ব্যস তৈরি হয়ে গেল সহজ কিন্তু মজার মিষ্টি।


