এত মুসলমানের দেশ, এত মসজিদ, ইমাম-আলেম-ওলামা থাকার পরেও দেশে এত অন্যায় কেন? এত পাপ কেন? মানুষ কেন এত চুরি করে, এত দুর্নীতি করে?
শনিবার রাজধানীতে এক আলোচনাসভায় এমন প্রশ্ন করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, একটি মসজিদ তৈরিতে মানুষের যে আগ্রহ, একজন ভাল মানুষ তৈরিতে সেই আগ্রহ কোথায় যায়?
ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স-এর মাল্টিপারপাস হলে এই আলোচনাসভা আয়োজন করে মউশিক কেয়ারটেকার কল্যাণ পরিষদ। ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর প্রিন্সিপাল মাওলানা শাহ মো. নেসারুল হকের সভাপতিতেত্ব এতে আরো বক্তব্য রাখেন রেসিডেনশিয়াল মডেল কলেজের খতিব ও ইমাম মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন।
মির্জা ফখরুল বলেন, গত ১৫-১৬ বছর দেশে একটা ভয়াবহ দানবীয় সরকার ছিল। নিজের লোক, দলের লোক বসাতে গিয়ে তারা সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে।
তিনি বলেন, দেশের মানুষ পিআর বোঝে না। তারা গণভোটের ‘হাঁ’ বা ‘না’ বুঝতে পারছে না। শেষ দিন পর্যন্তও বুঝতে পারবে না।
বিএনপির মহাসচিব বলেন, জামায়াতে ইসলামী গত ১০ বছর ফ্যাসিবাদবিরোধী দৃশ্যমান কিছু করেনি। এতদিন পিআরের কথা বলে এখন সুর নরম করে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নেওয়ার কথা ইসলাম সমর্থন করে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।


