নাসিরুদ্দীন পাটোয়ারীকে ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ঘুম থেকে উঠেই তার নাম নেয়।
তিনি বলেন, ‘মানুষ সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে, আল্লাহর নাম নেয়। আমার এখানে এমন একজন প্রার্থী আছেন, যিনি প্রথমেই আমার নাম নেন।’
শুক্রবার ঢাকার শান্তিনগর ইস্টার্ণ প্লাস মার্কেটে গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
এরপর তিনি পুরানা পল্টন বধির স্কুলে মুখ ও বধিরদের একটি অনুষ্ঠানে অংশ নেন। বিকালে শান্তিনগর বাজার ও পীর সাহেবের গলিতে ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন। রাতে তিনি চামেলীবাগ গ্রীন পিচ অ্যাপার্টমেন্টের মালিকদের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে।
মির্জা আব্বাস বলেন, ‘অতীতে আমি এর চেয়ে অনেক শক্ত ও কঠিন প্রতিদ্বন্দ্বীর সঙ্গে নির্বাচন করেছি। কিন্তু আমরা একে অপরের বিরুদ্ধে কখনো বিষোদগার করিনি। অথচ প্রতিদ্বন্দ্বী প্রার্থী এখন সারাদিন শুধু আমার নামে বিষোদগার করছে।’
তিনি অভিযোগ করে বলেন, ‘আমার সম্পর্কে অকথ্য ভাষায় কথা বলছে, আমাকে উত্তেজিত করার চেষ্টা করছে। তারা বুঝেনি আমি জীবনে বহু নির্বাচন করে এসেছি। আবারও বলছি, ওরা বাচ্চা ছেলে–আমার সন্তানের মতো। ওরা বিষোদগার করলেও আমি করতে পারি না।’
তিনি আরও বলেন, ‘আমি জনগণের প্রতি শ্রদ্ধাশীল। আমি বিশ্বাস করি জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে। নির্বাচনকে কেন্দ্র করে যে উচ্ছ্বাস ও আবেগ সৃষ্টি হয়েছে, ১২ ফেব্রুয়ারি তার প্রতিফলন ঘটবে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন, এখন পর্যন্ত পরিস্থিতি ভালো আছে। তবে ভবিষ্যতে কী হবে তা বলা যাচ্ছে না।
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, কিছু প্রার্থীর কার্যকলাপ ও চালচলনে মনে হচ্ছে তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করছে। বাস্তবতা অনুভব করতে হবে। নির্বাচনের ফল পরিবর্তনের চেষ্টা চলছে। একটি বিশেষ গোষ্ঠী কিছু লোককে জয়ী করার জন্য পাগল হয়ে গেছে।


