নির্ধারিত সময়ের ১০ মিনিট আগে মাইকিং করে নির্বাচনী প্রচার শুরু করায় চুয়াডাঙ্গা-১ আসনের ধানের শীষের এক প্রচারকারীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুর ১টা ৫০ মিনিটে সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের পিটিআই মোড় এলাকায় প্রচারকারীকে অর্থ জরিমানা করা হয়। জরিমানা পাওয়া প্রচারকারীর নাম হাসান আলী (২৩)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মাইকিংয়ের মাধ্যমে প্রচার চালানোর অনুমতি রয়েছে। কিন্তু হাসান আলী নির্ধারিত সময়ের ১০ মিনিট আগেই মাইকিং শুরু করেন।
এ ঘটনায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত তাকে দুই হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল নাঈম বলেন, নির্বাচনী আচরণবিধিমালা ভঙ্গের দায়ে সতর্কতামূলকভাবে ওই প্রচারকারীকে দুই হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।


