বৈরী আবহাওয়ার কারণে প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল শুরু হয়েছে।
বুধবার সকাল ৭টা ১০ মিনিটে বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে ফেরি-লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছিল কর্তৃপক্ষ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. আব্দুস সালাম জানান, হঠাৎ পাটুরিয়া এলাকায় তীব্র ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাত শুরু হয়। এতে নৌপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।
আবহাওয়া স্বাভাবিক হওয়ায় আবার সকাল ৮টায় ফেরি চলাচল শুরু হয়। একদিকে বৃষ্টি অন্যদিকে ফেরি বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।


