দেশে দিন দিন কৃষি জমি কমে আসছে, তাই উন্নয়নের নামে যেন আবাদি জমি নষ্ট না হয়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইক্ষু খামারে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য ক্যাম্পাস এলাকা পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি বলেন, ‘দেশে দ্রুত কৃষি জমি কমে আসছে, যা ভবিষ্যতের জন্য উদ্বেগজনক। এটা দেশের জন্য ভালো হবে না। যতটা পারি আমরা কৃষি জমি নষ্ট করব না। ক্যাম্পাস বহুতল ভবন করা হবে।’
মন্ত্রী আরও জানান, বিশ্ববিদ্যালয়ের জন্য বেশ কয়েকটি স্থান পরিদর্শন করা হচ্ছে। জামালপুর ইক্ষু খামারের প্রায় ১০০ একর জায়গা বিশ্ববিদ্যালয়ের জন্য উপযোগী বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মির্জা ফখরুল বলেন, ‘আমরা বেশ কয়েকটি জায়গা পরিদর্শন করছি। সেই কারণে ইক্ষু খামারটি দেখতে এসেছি। এখানে প্রায় ১০০ একরের মতো জায়গা আছে। সরকার টু সরকার হওয়ায় জায়গাটা নেওয়া সহজ হবে।’


