সমাজ থেকে দুর্নীতি হটাতে উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করার ঘোষণা দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল।
রোববার সংসদ ভবনের কার্যালয়ে তার নির্বাচনী এলাকার (নেত্রকোনা-১) ইমামদের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করতে গেলে তিনি এ ঘোষণা দেন।
জানা গেছে, কায়সার কামালের সঙ্গে তার নির্বাচনী এলাকার ১৫ সদস্য বিশিষ্ট ইমাম প্রতিনিধিদল সংসদ ভবনস্থ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় ডেপুটি স্পিকার সবার খোঁজ-খবর নেন এবং সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।
ডেপুটি স্পিকার বলেন, ‘আমার এলাকায় বিভিন্ন ধর্মের মানুষের বসবাস। পর্যায়ক্রমে সবাইকে সংসদ ভবন এবং সংসদ অধিবেশন দেখার আমন্ত্রণ জানানো হবে। আপনারা এসেছেন, ইতোপূর্বে খ্রিস্টান প্রতিনিধিদল এসেছিল। এভাবে আমার এলাকার সব শ্রেণি ও পেশার মানুষ যেন সংসদ সম্পর্কে তাদের ধারণা অর্জন করতে পারে, সে লক্ষ্যে সবাইকে আমন্ত্রণ জানানো হবে।’

তিনি বলেন, ‘আমি আপনাদের ভোটের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত হয়েছি এবং আপনাদের কারণেই আমি মহান সংসদে ডেপুটি স্পিকার হিসেবে মনোনীত হয়েছি। আপনাদের প্রতি আমার অনেক দায়বদ্ধতা এবং জবাবদিহি রয়েছে। উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে। সমাজ থেকে দুর্নীতি ও স্বজনপ্রীতি জিরো পর্যায়ে পৌঁছাতে হবে এবং আপনাদের মাধ্যমে সমাজে দরবার মীমাংসা করতে হবে। আমি শতভাগ সততার সঙ্গে চলেছি এবং সততার সঙ্গেই কাজ করতে চাই। দোয়া করবেন, আল্লাহ যেন আমার সব কাজে সহযোগিতা করেন।’


