রাজধানী ঢাকার উত্তরায় এক গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে চাঁদার টাকা না পাওয়ায় গোলাগুলি হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরের ২১ নম্বর সড়কের ২ নম্বর বাড়িতে গুলি চালানো হয়। জানা গেছে, মোটরসাইকেলে করে দুই হেলমেটধারী ব্যক্তি এসে দুই রাউন্ড গুলি করে দ্রুত পালিয়ে যায়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
চারতলা ওই বাড়িটির নাম ‘জান্নাত ভবন’। বাড়ির মালিক গার্মেন্টস ব্যবসায়ী আবুল কাশেম এ কে এস বি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)।
আবুল কাশেমের নিকট আত্মীয় পরিচয় দিয়ে এক ব্যক্তি বলেন, ‘মোটরসাইকেলে করে দুই ব্যক্তি এসে বাড়ির সামনে দুই রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। বাড়ির সামনে থেকে আরও দুটি তাজা গুলি উদ্ধার করে পুলিশ নিয়ে যায়।’
বাড়িটির সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, হেলমেট পরা দুই ব্যক্তি মোটরসাইকেলে করে এসে প্রথমে বাড়িটি রেকি করে। তারা কিছু সময় আশপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করে চলে যায়। পরে লোকজনের চলাচল কমে গেলে আবার ফিরে এসে বাড়ির সামনে গুলি করে পাশের একটি গলি দিয়ে দ্রুত পালিয়ে যায়।
বাড়িটির নিরাপত্তা কর্মী রফিকুল ইসলাম জানান, গুলির সময় তিনি পার্কিং এলাকায় ছিলেন এবং অন্য কর্মী মনির গার্ডরুমে খাবার খাচ্ছিলেন। তিনি ইফতারের প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় হঠাৎ অজ্ঞাত ব্যক্তিরা এসে গুলি করে পালিয়ে যায়।
তবে এ বিষয়ে বাড়িটির মালিক আবুল কাশেম কথা বলতে রাজি হননি।
উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) মো. মুনীরুজ্জামান বলেন, মোটরসাইকেলে করে দুই ব্যক্তি এসে ৭ নম্বর সেক্টরের ওই বাড়ির স্টিলের গেটে দুই রাউন্ড গুলি করে পালিয়ে যায়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পরে গোলাগুলির বিষয়টি জানাজানি হলে র্যাব, পুলিশ, ডিবি ও অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন আলামত সংগ্রহ করে বলে জানিয়েছে পুলিশ।


