রাজধানী ঢাকার উত্তরায় বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে তিনজনের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার কুমিল্লায় চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া কাজী বাড়ী প্রাঙ্গনে তাদের গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
নিহতরা হলেন কাজী ফজলে রাব্বী, তার স্ত্রী আফরোজা আক্তার এবং তাদের দুই বছর বয়সী ছেলে কাজী ফায়াজ রিশান।
এর আগে, ঢাকায় জানাজা শেষে মরদেহগুলো শুক্রবার রাতে কুমিল্লার নানুয়ার দিঘীরপাড়ের বাড়িতে আনা হয়। দারোগা বাড়ি মাজার প্রাঙ্গনে জানাজা শেষে সকালে দাফনের জন্য তাদের গ্রামের বাড়িতে নেওয়া হয়।
একই পরিবারের তিনজনের মরদেহবাহী অ্যাম্বুলেন্স এলাকায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে স্বজনদের মধ্যে শোকের মাতম দেখা যায়। পাড়া-প্রতিবেশী নিহতদের এক নজর দেখার জন্য কাজী বাড়িতে ছুটে আসেন।
অশ্রুসজল চোখে তাদের শেষ বিদায় জানান স্বজনেরা। জানাজার নামাজে এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ শত শত মানুষ উপস্থিত ছিলেন।
গত শুক্রবার সকালে উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের একটি সাত তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। এতে দুই পরিবারের ছয়জন প্রাণ হারান।


